সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩অক্টোবর-২০২৬খ্রি.) ভোররাতে সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌরএলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া মহল্লার মৃত সোলেমান শেখের ছেলে বাতেন শেখ (৪০), একই মহল্লার আরিফ শেখের ছেলে নাবিল শেখ (২১), জানপুর এলাকার মৃত জমশের আলী শেখের ছেলে মাহবুবুল আলম (৪২), বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের আশরাফুল আলমের ছেলে ইমরান শেখ (২৫), একই গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে আতিকুর রহমান (৪৬) এবং মৃত শরিফুল ইসলামের ছেলে আল আমিন (৩৯)।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ ঘটনার পর সংশ্লিষ্টদের শনাক্ত করে শুক্রবার গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।ওসি রাকিবুল হাসান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।