নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে এক নারীসহ সংঘবদ্ধ চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে পূর্বধলা উপজেলা ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকায় অবস্থিত ‘টাঙ্গাইল’ নামের একটি ফিশারিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন—শিবপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩০), মো. শুভ (২০), সাগর মিয়া (২০), জুয়েল মিয়া (৩২), মাজিজুল (২৫), কাজল মিয়া (২০), মেঘশিমুল গ্রামের হাবিবুর রহমান হাবি (৪০) এবং সালমাকান্দা গ্রামের মোছা. মনিরা আক্তার (৩০)।পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে শিবপুর এলাকার ওই ফিশারিতে বহিরাগত নারী এনে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে আসছিল। পরবর্তীতে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএম এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৭ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা সম্ভব হলেও আরও দুই নারীসহ কয়েকজন পালিয়ে যায়।অভিযান শেষে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রাথমিকভাবে পরীক্ষা করে ২০২৫ সাল থেকে শুরু করে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত ধারণকৃত শতাধিক অশ্লীল ভিডিওর প্রমাণ পেয়েছে পুলিশ।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের পাশাপাশি পলাতক আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও তৈরির সঙ্গে জড়িত আরও কয়েকটি চক্র সক্রিয় রয়েছে বলে তথ্য রয়েছে; তাদের শনাক্ত ও গ্রেপ্তারেও পুলিশের বিশেষ অভিযান চলছে।