সাভারঃ আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল আন্ডারপাস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি-৪)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটায় ককটেলগুলোর সন্ধান পাওয়ার পর জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখেন এসআরবি-৪-এর সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে মহাসড়কের বাইপাইল আন্ডারপাসে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত ককটেল দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে এসআরবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ চালান এবং সেখানে পাঁচটি তাজা ককটেল দেখতে পান। ঘটনাস্থলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে পুরো এলাকা ফাঁকা করে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়।
এসআরবি-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করে এম এম রেজাউল হক বলেন, সন্ধ্যায় খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাইপাইল ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় লাল টেপ পেঁচানো আনুমানিক পাঁচটি ককটেল দেখতে পায়।
প্রাথমিকভাবে এলাকাটি নিরাপদ রাখতে পুরো স্থান ঘিরে রাখা হয়েছে। ককটেলগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে বিস্তারিত নিশ্চিত করা সম্ভব হবে।