মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন বাঘা থানাধীন পাকুড়িয়া বেলালের মোড় এলাকার মোঃ জামাল উদ্দিনের পুত্র মোঃ উজ্জ্বল হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলায় পৃথক পৃথক আদালত হতে ২টি সাজাপ্রাপ্ত পরোয়ানা ইস্যু করা হয়। পরোয়ানা ইস্যুর পূর্ব থেকেই সে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
সম্প্রতি সে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অবস্থান শুরু করলে বাঘা থানার একটি চৌকস পুলিশ টিম তার অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে ঢাকায় অবস্থানরত এসআরবি এর সহায়তায় বাঘা থানা পুলিশ তাকে বাইপাইল এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর আসামি জানায়, এত দূরে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না।
এ বিষয়ে বাঘা থানা পুলিশ জানায়, অপরাধ দমনে বাঘা থানা পুলিশ অঙ্গীকারাবদ্ধ। অপরাধ করে সাময়িক সুখ-স্বাচ্ছন্দ্যে থাকলেও এর পরিণতি দুঃখজনক হয়। তাই আসুন সবাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি, একই সাথে সবাই মাদককে না বলি।