নাটোরের লালপুরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে পরিবহনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাটি বহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে উপজেলার মাধবপুর পালপাড়া কালিদুয়ার মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—পাবনার সুজানগর উপজেলার কুমিরাগাড়ি দহের পাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন ও খুশি বেগম দম্পতির ছেলে মোঃ আছিব হোসেন (২২), নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর মন্ডলপাড়া গ্রামের মোঃ আজিজুল মন্ডল ও মোছাঃ রহিমা বেগম দম্পতির ছেলে মোঃ সজীব আহমেদ (২২) এবং একই উপজেলার সন্তোষপুর গ্রামের মোঃ আবুল হাসান ও মোছাঃ বেদানা বেগম দম্পতির ছেলে মোঃ সোহানুর রহমান সোহান (২১)।পুলিশ জানায়, বুধবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পালপাড়া কালিদুয়ার মাঠ এলাকায় বি.এম.বি ইটভাটার উত্তর পাশে অভিযান চালায়। সেখানে আরজ আলী নামের এক ব্যক্তির লিজ নেওয়া জমিতে এক্সাভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ট্রাক্টরে করে পরিবহন করা হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয় এবং দুটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়।
লালপুর থানা পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।