২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে সরিষা, মসুর ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঘা উপজেলা কৃষি অফিসার জনাব এম. এ. মান্নান। তিনি বলেন, চলতি রবি মৌসুমে ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নির্বাচন করা হয়েছে। সময়মতো মানসম্মত বীজ ও সার সরবরাহ নিশ্চিত করা গেলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো আমাদের কৃষক সমাজ। সরকার প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং অনাবাদি জমি চাষের আওতায় আনতে বিনামূল্যে বীজ ও সার প্রদানের এই উদ্যোগ নিয়েছে। কোনো কৃষক যেন সরকারি এই সহায়তা থেকে বঞ্চিত না হয় এবং প্রকৃত চাষিরাই যেন এই সুবিধা পান, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি।
এছাড়াও মোঃ সোহানুর রহমান
কৃষি সম্প্রসারণ অফিসার,
মোঃ কাউসার আহমেদ কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি অফিসার রাজিব আহমেদ, জাফর, সোহেল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সকল উপসহকারী কৃষি অফিসারবৃন্দ এবং স্থানীয় সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, মসুর ও অড়হড় বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।