ঢাকা থেকে রাজশাহীগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনে মুঠোফোন ছিনিয়ে নিয়ে এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এতে মোনারুল ইসলাম নামে ওই যাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া মুঠোফোনটি উদ্ধার করা হয়।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোনারুল ইসলাম পাবনার টেবুনিয়া এলাকার ঘরনাপাড়া গ্রামের নওশেরের ছেলে।আটক ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হৃদয়।রে
লওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহীর উদ্দেশে রওনা হন। ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক এলাকায় পৌঁছালে ছাদে অবস্থানরত ছিনতাইকারী চক্রের কবলে পড়েন তিনি। একপর্যায়ে মুঠোফোন ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে চক্রের সদস্যরা মোনারুলের মুঠোফোনটি কেড়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।পরবর্তীতে ট্রেনটি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে আটক করে এবং তাঁদের হেফাজত থেকে নিহত ব্যক্তির মুঠোফোনটি উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।