খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি কখনো জনগণের ক্ষতি করে রাজনীতি করে না। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা, মানুষের জীবনমানের উন্নয়ন এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।
জনগণের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের প্রশ্নে বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি আন্দোলন-সংগ্রাম করেছে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নসহ প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ সমানভাবে ভোগ করতে পারে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নেওয়াই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
সরকারি বেলফুলিয়া কলেজে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, সমাজ উন্নয়ন ও দেশ গঠনের প্রধান শক্তি।
তাই শুধু ভালো ফলাফল কিংবা শিক্ষাগত সনদ অর্জন করলেই চলবে না, পাশাপাশি নৈতিকতা, সততা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের গুণাবলি অর্জন করতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অধ্যবসায়, সময়ের যথাযথ ব্যবহার এবং জ্ঞানচর্চার প্রতি মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে মনোযোগী হতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের শিক্ষা খাতের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সরকারের সময় নারীশিক্ষার প্রসার, শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
বিশেষ করে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করা এবং শিক্ষাকে সাধারণ মানুষের আরও নাগালের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপগুলো স্মরণীয় হয়ে রয়েছে। একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন কোনো ধরনের অন্যায়, অনিয়ম কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় বা রাজনৈতিক অবস্থান বিবেচনা করে ছাড় দেওয়ার সুযোগ নেই। কেউ বিএনপির নাম বা পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা সাধারণ মানুষকে হয়রানি করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। যেখানে সন্ত্রাস চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি সবসময় অন্যায় ও অপরাধের বিরুদ্ধে এবং আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্যে সরকার অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে।
জনগণ যেন নির্বিঘ্নে বসবাস করতে পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে এবং নিরাপদ পরিবেশে নিজেদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটি নিশ্চিত করাই সরকারের প্রত্যাশা। একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা বাজার বনিক সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান এবং বেলফুলিয়া সরকারি কলেজে নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এরপূর্বে এমপি আজিজুল বারি হেলাল রূপসার টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ সদস্য নিহত জাকির শেখের বাড়িতে তার পরিবারের খোঁজ খবর নিতে যান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মোল্লা, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র।
পূর্ব রূপসা বাগমারা বনিক সমিতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাজার বণিক সমিতির সভাপতি মো. ফিরোজ মীর। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন। এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, রবিউল ইসলাম, মো. ইউনুস গাজি, মো. লাবলু শেখ, মহিউদ্দিন শেখ, মমিনুর রহমান সাগর মোল্লা, ইয়ারুল ইসলাম রিপন, সাজ্জাদ হোসেন লিপন, কামরুল ইসলাম, বাবুল শেখ, মাঈনুল হাসান, জালাল হাওলাদার, আবু সাঈদ গাজি, আলী আকবর রাজু, ফরহাদ হোসেন, মামুন শেখ, হান্নান মীর, মনিরুল ইসলাম সহ বাজার কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।