নওগাঁর মান্দায় প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে জ্বালানি তেল বিক্রি করে আসছিল মেসার্স তিনবোন ট্রেডার্স। এ বিষয়ে তদন্ত ও শুনানিতে প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার ত্রিমোহনী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আলমাছ উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের অনাপত্তি সনদ ছাড়াই ডিজেল, পেট্রোল, অকটেন ও পাইকারি বিক্রির অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটির পাশেই রয়েছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, দোকানপাট, পোস্ট অফিস ও একটি শিক্ষা প্রতিষ্ঠান। ফলে সেখানে এভাবে জ্বালানি তেল বিক্রির কারণে যেকোনো সময় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অভিযোগকারী।
এ ছাড়া গত ২১ ও ২২ জুলাই গভীর রাত পর্যন্ত কন্টেইনার ও বোতলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি এবং কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগও করা হয়।
এ ঘটনায় উপজেলার নুরুল্লাবাদ এলাকার বাসিন্দা মো. সোহেল রানা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, নওগাঁর জেলা প্রশাসক, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপজেলা প্রশাসনকে। পরে গত ৯ নভেম্বর ইউএনও মোসা. আতিয়া খাতুন স্বাক্ষরিত নোটিশ জারি করা হয়। নোটিশে ১২ নভেম্বর সকাল ১১ টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানিতে উপস্থিত থাকার জন্য প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আলমাছ উদ্দিন ও অভিযোগকারী মো. সোহেল রানাকে নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি স্বীকার করে মেসার্স তিনবোন ট্রেডার্সের মালিক মো. আলমাছ উদ্দিন বলেন, বিস্ফোরক লাইসেন্স না থাকায় প্রশাসন আমাকে মৌখিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আপাতত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, লাইসেন্স পেলে পুনরায় চালু করা হবে।
বিস্ফোরক লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন কীভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতদিন আমার ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস ও বিএসটিআই-এর অনুমোদন ছিল। মূলত সেগুলোর ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠানটি চালু রেখেছিলাম।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হয়েছে এবং উভয় পক্ষের শুনানি নেওয়া হয়েছে। শুনানিতে দেখা গেছে, প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স নেই। বিশেষ করে বিস্ফোরকসহ প্রয়োজনীয় অন্যান্য লাইসেন্সও তাদের নেই।
তিনি আরও বলেন, শুনানিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্স পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় লাইসেন্স পাওয়ার পর তারা পুনরায় কার্যক্রম শুরু করতে পারবে।
ইউএনও জানান, প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে মৌখিকভাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই লিখিত আদেশ বা চিঠি দেওয়া হবে।