আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, তরুণ সমাজসেবক মো. সাইফুল ইসলামের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টায় মোহনপুর গ্রামে ৭ নং ওয়ার্ডবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী-পুরুষ, যুবক ও মুরব্বিরা দলে দলে বৈঠকে যোগ দেন। মুহূর্তেই বৈঠকস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ডের প্রবীণ মুরব্বি ও সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মো. আব্দুল হামিদ মিয়া। সভাটি সঞ্চালনা করেন স্থানীয় যুবক মো. মাসুম মিয়া।
উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম। বক্তব্যের শুরুতেই তিনি উপস্থিত সকলকে সালাম ও কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি অত্যন্ত আবেগঘন ও কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মায়ের পেটের কোনো ভাই নাই। আমি দুনিয়াতে বড় একা। ছোটবেলা থেকে একাই লড়াই করে আজ এতদূর এসেছি। আজ এই মোহনপুর গ্রামে দাঁড়িয়ে আমি বলতে চাই, আমার আপন ভাই না থাকলেও আপনারাই আমার সব। আপনারাই আমার ভাই, আপনারাই আমার বোন। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার সাহস।”
তিনি আরও বলেন, “আমি মেম্বার হতে আসিনি, আমি আপনাদের সেবক হতে এসেছি। আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের গোলাম হিসেবে রাখেন, ইনশাআল্লাহ আমি আমার দায়িত্ব মতো কাজ করব। আমাকে মেম্বার বলতে হবে না, সেবক বলে ডাকলেই হবে। আমি আপনাদের পাশে থাকতে চাই এবং থাকব।”
তার এমন হৃদয়ছোঁয়া বক্তব্যে উপস্থিত অনেকের চোখে পানি চলে আসে। এ সময় মুরব্বিরা তাকে বুকে জড়িয়ে ধরে দোয়া করেন এবং বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, নির্বাচিত হলে ৭ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। বিশেষ করে অবহেলিত রাস্তাঘাট সংস্কার, শিক্ষার মান উন্নয়ন, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠন, গরিব-অসহায় মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি সকল ভাতা ও সুবিধা সঠিকভাবে বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করবেন। কোনো প্রকার দলীয়করণ বা স্বজনপ্রীতি নয়, তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
স্থানীয় মোহনপুরবাসীরা আরও বলেন, সাইফুল মিয়া নির্বাচিত হওয়ার আগেই জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। মোহনপুর গ্রামে বর্ষাকালে যে রাস্তাটির বেহাল দশা ছিল, তিনি তার নিজ অর্থায়নে সেই রাস্তাটি মেরামত করেছেন। এতে গ্রামবাসীর চলাচলে অনেক সুবিধা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরেই এলাকায় একজন সৎ, সাহসী ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। বিপদে-আপদে তাকে সবসময় মানুষের পাশে পাওয়া যায়। তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। এবার তার বিজয় নিশ্চিত বলে তারা মনে করেন।
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল এবং প্রার্থীর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।