সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষিরতলা যুব সমাজের উদ্যোগে একদিনের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার ক্ষিরতলা উচ্চবিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজীমুদ্দিন কাজী। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল।
এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য শুভাস মাহাতো, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব, ধামাইনগর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক ভুট্টো রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে আদিবাসী সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।