গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড নামের দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কারখানার প্রধান ফটকে কর্তৃপক্ষ কর্তৃক টানানো নোটিশের মাধ্যমে বিষয়টি শ্রমিকদের জানানো হয়।
এম এম নিটওয়্যার লিমিটেডের সহ-ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গেল ১০ নভেম্বর মধ্যাহ্ন বিরতির পর থেকে শ্রমিক কাজে যোগদান হতে বিরত থাকে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো যৌক্তিক কারণ ছাড়া কারখানায় উপস্থিত থেকেও কাজ করা থেকে বিরত থাকে। পরে শ্রমিকরা কারখানা বিভিন্ন ফ্লোরের শ্রমিকদের নামিয়ে উশৃঙ্খলভাবে কারখানাতে ভাঙচুর করে কারখানা ত্যাগ করে।
একই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে অন্যায়ভাবে কর্মবিরতি শুরু করে এবং কারখানার অভ্যন্তরে উশৃঙ্খলভাবে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল।
এমতাবস্থায় কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে আজ থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময় অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার কার্যক্রম চালু করার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।
গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।