খুলনা ০৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিক্ষাজীবন থেকেই তাদের মধ্যে নৈতিকতা সততা শৃঙ্খলাবোধ এবং দেশপ্রেমের মতো মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে।
তিনি বলেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থী তৈরি করা নয় বরং এমন মানুষ তৈরি করা যারা নিজেদের মেধা যোগ্যতা ও মানবিক মূল্যবোধ দিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে প্রফুল্ল করে এবং শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস নেতৃত্বের গুণাবলী ও দায়িত্ববোধ তৈরি করে।বর্তমান সময়ে শিক্ষার্থীদের মাদক অপরাধ এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর বাড়াতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা এবং সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তারা দলগতভাবে কাজ করা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং প্রতিযোগিতার মধ্যেও সৌহার্দ্য বজায় রাখার শিক্ষা পাবে।
তিনি আরও বলেন শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পথে চলার মানসিকতা তৈরি করতে হবে। বাবা মা শিক্ষক এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে। একজন শিক্ষার্থী যখন জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হবে তখনই সে প্রকৃত অর্থে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্মই পারে একটি সমৃদ্ধশালী ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে।
তিনি ১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে খুলনার তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অত্র কলেজের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, জেলা বিএনপি নেতা মোঃ এনামূল হক সজল,মোঃ আনিছুর রহমান তেরখাদা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সাইফুর রহমান।
অত্র কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম রাজু ও অনির্বান রায়ের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সিকদার অহিদুজ্জামান মোল্যা জিল্লুর রহমান অনীমা বিশ্বাস সাধন কুমার সাহা ও মোঃ সফিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ রবিউল হোসেন সরদার, আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক,মোঃ মিল্টন হোসেন মুন্সী, প্রভাষক এস এম শফিউল্লাহ, শেখ মোঃ ফরিদ উদ্দিন, দেবাশীষ কুমার দাস, মোলা শরীফুল ইসলাম,শরীরচর্চা শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দিলু,কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ঈশান মোল্যা, শিক্ষার্থী অহনা সাহা।
অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে তিনি ২০২৫ ২৬ সালের কলেজ বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন।