নাটোরের লালপুর উপজেলার গোপালপুরস্থ আজিম নগর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (৯ নভেম্বর) রাজশাহী থেকে ঢাকাগামী 'মধুমতি এক্সপ্রেস' ট্রেনটি আজিম নগর স্টেশন এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী রেললাইন অতিক্রম করার সময় বা লাইনের পাশে অবস্থানকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ঘটনার পর নিহতের লাশ আজিম নগর রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করে আজিম নগর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধারের পর পরিচয় সনাক্তকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।