নবজাতকের জন্ডিস বা রক্তে বিলিরুবিনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি। সময়মতো যথাযথ চিকিৎসা নিশ্চিত করা না গেলে শিশুর শারীরিক ও স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে। অথচ গোপালগঞ্জে এ রোগের প্রাথমিক চিকিৎসা ও ফটোথেরাপির ব্যবস্থা থাকলেও জটিল পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য অভিভাবকদের ছুটতে হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়।
এতে একদিকে বাড়ছে চিকিৎসার ব্যয়, অন্যদিকে সদ্যোজাত শিশুকে নিয়ে দূরপথ পাড়ি দিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন মা-বাবা ও স্বজনেরা। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এ পরিস্থিতি হয়ে উঠছে আরও কঠিন।
চিকিৎসাসংশ্লিষ্টদের মতে, নবজাতকের রক্তে বিলিরুবিনের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধান প্রয়োজন হয়। কোনো কোনো ক্ষেত্রে নিবিড় পরিচর্যা এবং প্রয়োজন অনুযায়ী এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বা রক্তের বিনিময় চিকিৎসারও দরকার হতে পারে। এসব সুবিধা স্থানীয়ভাবে না থাকলে রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করতে হয়। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অনেক পরিবারের লাখ টাকারও বেশি ব্যয় হওয়ার আশঙ্কা থাকে।
একটি নবজাতকের চিকিৎসাকে কেন্দ্র করে একটি পরিবারকে কতটা উদ্বেগ, অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়, তা ভুক্তভোগীরাই ভালো জানেন। সন্তানের সুস্থতার অপেক্ষায় হাসপাতালের বিছানার পাশে নির্ঘুম রাত কাটানোর পাশাপাশি চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে অনেক পরিবারকে হিমশিম খেতে হয়।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের চিকিৎসাসেবা আরও আধুনিক করা এখন সময়ের দাবি। এ জন্য হাসপাতালটিতে পর্যাপ্ত ও আধুনিক ফটোথেরাপি মেশিন, উন্নতমানের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্র (এনআইসিইউ), সার্বক্ষণিক শিশু ও নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় ক্ষেত্রে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের ব্যবস্থা এবং উন্নত পরীক্ষা-নিরীক্ষার সুবিধা নিশ্চিত করা জরুরি।
গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রত্যাশা, নবজাতকের জন্ডিসসহ জটিল রোগের উন্নত চিকিৎসা নিজ জেলাতেই নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ঢাকামুখী রোগীর চাপ কমার পাশাপাশি সময়মতো চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে এবং অসহায় পরিবারগুলোর আর্থিক ও শারীরিক ভোগান্তি অনেকটাই কমবে।
এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের জটিল রোগের উন্নত চিকিৎসাসেবা চালুর জন্য দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হোক।
অর্থের অভাবে কোনো পরিবার যেন নবজাতক সন্তানের জীবন রক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। একটি শিশুর জীবন রক্ষায় সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব।