গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।
রোববার (৮ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে জিএমপি সদর দপ্তরে পুলিশের একটি সুসজ্জিত দল নবাগত কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ কমিশনার জিএমপির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় তিনি গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
শিল্পাঞ্চল অধ্যুষিত গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের পুলিশি সেবা আরও সহজ ও কার্যকর করার ক্ষেত্রে নতুন কমিশনারের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।