সিরাজগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন অত্র ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা বিএনপির সহ সভাপতি শরিফুল ইসলাম শরিফ। রোববার (৮ নভেম্বর) নিজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানোয়ার ইসলাম ছানু এবং ১২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজু আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় শরিফুল ইসলাম শরিফ বলেন, ফ্যামিলি কার্ড একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এর মাধ্যমে নিম্নআয়ের ও অসহায় পরিবারগুলো সামাজিক সুরক্ষার আওতায় আসার সুযোগ পাবে। বিশেষ করে দরিদ্র, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে যেন প্রকৃত উপকারভোগীরা বাদ না পড়েন এবং সঠিক তথ্য উঠে আসে, সেদিকে গুরুত্ব দিতে হবে। স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
শরিফুল ইসলাম শরিফ সিরাজগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনি ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।