৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি বড় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. মো. আব্দুল হক, মো. আকবর আলী, নাদীর আহমদ, মো. রেজাউল হক, আ ত ম মিসবাহ, অ্যাড. শেরেনুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমীন, সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালারাচাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব অ্যাড. দীপংকর বণিক সুজিত, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর শুধু অতীতের কোনো স্মরণীয় দিন নয়। এই দিনটি গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি আবারও মনে করিয়ে দেয়।
বক্তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রম দেখে একটি মহল বিভ্রান্তিকর মন্তব্য করছে। এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সব নেতাকর্মীকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান তারা।