আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করতে ২৩২ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। ছোট এই লক্ষ্যও পাহাড়সম ঠেকল লাল সবুজের যুবাদের সামনে। তাদের উড়িয়ে দিয়ে ১১৩ রানের বড় জয় তুলে নিয়েছে আফগানিস্তান।
ওয়ানডে ফরম্যাটের এ টুর্নামেন্টে প্রায় অর্ধেক ওভার বাকি থাকতেই বাংলাদেশের ইনিংস ১১৮ রানে থেমে গেছে। এ নিয়ে বাংলাদেশ টানা তিন ওয়ানডেতে আফগান যুবাদের কাছে হারল।
ওমানের আল আমেরাতে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম সাতজনের মধ্যে কেবল জারিফ সিয়াম দুই অঙ্কের ঘর পার হতে সক্ষম হন। এই ওপেনার ৫৮ বলে ৪১ রান করে অনেকক্ষণ দলের হাল ধরে রাখেন। দলীয় ৯৮ রানে আউট হন তিনি।
ব্যাটিং অর্ডারের শেষের দিকে দুই অঙ্ক পার হতে পারা দুই জনের মধ্যে রবিউল হাসান অনিক ৩৩ ও রুবায় ইসলাম রিজন ২৭ রান করেন। আফগানিস্তানের হয়ে নূর আলী, আমির হামজা ও সামি মুবারেজ ৩টি করে উইকেট পান।
আফগানিস্তান ২৩১ রান করে শাহ ফয়সাল ও তারি সারওয়ারির ইনিংসের সুবাদে। ফয়সাল ৯৭ বলে ৮৩ ও সারওয়ারি ৪৩ বলে ৩৭ রান করেন। বাংলাদেশের হয়ে তাফিউল আলম তামিম নেন ৪ উইকেট।