সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থী ও সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। উদ্ধার করা অস্ত্রের তালিকায় রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ৯৫টি দেশীয় অস্ত্র, ১৫টি ম্যাগাজিন ও ৮টি ওয়াকিটকি।
বুধবার (৪ নভেম্বর-২০২৬খ্রি.) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও ব্যাটালিয়নের অধিনায়ক আতিকুর রহমান মিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদগুলো আত্মসমর্পণকারী সদস্যদের হেফাজতে ছিল।
এর আগে গত ১নভেম্বর সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী ও সর্বহারা দলের সদস্য আত্মসমর্পণ করেন। স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে আত্মসমর্পণ করা এসব সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে এসআরবি-১২।