আগামী চার দিন গ্যাসের চাপ কম থাকবে-তবে সরবরাহ বন্ধ হওয়ার গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।
মঙ্গলবার (০৩ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে-মর্মে একটি মহল কোনো কোনো সংবাদ মাধ্যমের ফটোকার্ড বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃত বিষয় হলো-কক্সবাজারের মহেশখালীস্থ ২টি এলএনজি টার্মিনালের একটি (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকার কারণে বর্তমান গ্যাসের সরবরাহ আগামী চার দিন দৈনিক ২৫৭০ থেকে ২২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হয়ে, কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহ সাময়িক হ্রাস পেয়ে স্বল্পচাপ বিরাজ করতে পারে। জনগণকে কোনো ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।
এর আগে রোববার (১ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছিল, কক্সবাজারের মহেশখালীস্থ সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ থেকে ৭ নভেম্বর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বার্তায় জানানো হয়, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে সারা দেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
উল্লেখ্য, গতবছরের ডিসেম্বরেও এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।