নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলার সময় অগ্নিদগ্ধ হওয়া ছয় বছরের শিশু শারিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সে শেষনিশ্বাস ত্যাগ করে।নিহত শিশু শারিন বাগাতিপাড়া পৌরসভার উত্তর মুরাদপুর মহল্লার সাবেক কাউন্সিলর মহাসিন আলীর ছেলে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর বাড়ির সামনে গ্যাস লাইটার ও কলম নিয়ে খেলছিল শিশু শারিন। একপর্যায়ে লাইটারটি বিস্ফোরিত হয়ে তার পরিহিত গেঞ্জিতে আগুন ধরে যায়। এতে তার শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ পুড়ে গুরুতর আহত হয়।পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।কমবয়সী শিশুদের হাতে গ্যাস লাইটার বা দাহ্য পদার্থ দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এদিকে একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।