সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে গতকাল ৩০ অক্টোবর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের প্রায় সব দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।শনিবার(৩১ অক্টোবর-২০২৬) ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মার্কেটের মালিকপক্ষকে ভবিষ্যতে ঢেউটিন, শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
একই দিনে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার সমন্বয়ে পৌরসভার ১৫টি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক নিজেও এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।