কুড়িগ্রামের রৌমারীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলেন রৌমারী উপজেলার চর বামনের চর গ্রামের নবীন চানের ছেলে মো. নাঈম (৫) একই গ্ৰামের সুরুজ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।পরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু দুটির মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যায় তাদের পরিবার। এ ঘটনায় নিহত শিশুদের পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।