তৃণমূলের নারী ও সাধারণ মানুষের উন্নয়ন চাহিদাকে স্থানীয় পরিকল্পনা ও বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “কমিউনিটি মাইক্রো প্ল্যান শেয়ারিং ওয়ার্কশপ (Introductory Workshop)”। রুরাল অ্যাডভাইজরি সার্ভিসেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট (RAS4WE) প্রকল্পের আওতায়, উন্নয়ন সংস্থা 'উত্তরণ' ও 'এফআইভিডিবি (FIVDB)'-র যৌথ বাস্তবায়নে, 'ওয়েল্টহাঙ্গারহেলফি বাংলাদেশ'-এর কারিগরি সহায়তায় এবং জার্মানভিত্তিক দাতা সংস্থা 'বিএমজেড (BMZ)'-এর অর্থায়নে গত ২৮ অক্টোবর বার্টান (BIRTAN) প্রাঙ্গণে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় উত্তরণের জেন্ডার এক্সপার্ট শাহানাজ-এর সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মোঃ সাইদুর রহমান। পরবর্তীতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজের পরিধি বিস্তারিতভাবে তুলে ধরেন এফআইভিডিবি-র প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রজেক্টের অধীনস্থ সফল নারী উদ্যোক্তা ও সামাজিক সংগ্রামীদের জীবনসংগ্রামের গল্প নিয়ে প্রকাশিত বিশেষ প্রকাশনা "Story Book: অদম্য নারী (Unstoppable Women)"-এর শুভ মোড়ক উন্মোচন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির আনুষ্ঠানিক উন্মোচন করেন সিরাজগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মামুন খান। উপস্থিত সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন প্রকাশনাটির ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মামুন খান তৃণমূল পর্যায়ে নারীদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সুশাসনে উত্তরণ ও এফআইভিডিবি-র যৌথ কাজের প্রশংসা করেন। তিনি নির্দেশ প্রদান করেন যেন প্রকল্পের আওতাধীন ২টি সিএসও (CSO) আগামী মাস থেকে নিয়মিত উপজেলা এনজিও কো-অর্ডিনেশন মিটিংয়ে উপস্থিত থেকে স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখে। এছাড়া আগামী বছর থেকে ইউনিয়ন পরিষদের বাজেট বরাদ্দের খাতগুলো কীভাবে আরও সুনির্দিষ্ট ও বাস্তবায়ন সহজতর করা যায়, সে বিষয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্টান (BIRTAN)-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) ও সমাজসেবা কার্যালয়ের (DSS) কর্মকর্তাবৃন্দ এবং প্রাণিসম্পদ দপ্তরের (DLS) ভেটেরিনারি সার্জন, ইউপি চেয়ারম্যান। সরকারি কর্মকর্তাবৃন্দ এই চমৎকার যৌথ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে প্রকল্পের পরিধি, কাজের এলাকা, সিএসপি (CSP), CSO ও রুরাল সার্ভিস সেন্টার (RSC) সংখ্যা বাড়িয়ে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত করার আহ্বান জানান। উক্ত কর্মশালায় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, মেম্বার, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সিএসও (CSO) ও সিএসপি (CSP) প্রতিনিধি, কমিউনিটি লিডার এবং উত্তরণ ও এফআইভিডিবি-র প্রজেক্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ মানুষের অংশগ্রহণে তৈরি 'গ্রাম মানচিত্র' ও 'উন্নয়ন পরিকল্পনা'-র মাধ্যমে উঠে আসা গুরুত্বপূর্ণ দাবিগুলো ইতোমধ্যে ইউনিয়ন উন্মুক্ত বাজেট সভায় তুলে ধরা হয়েছে এবং তা সফলভাবে ইউনিয়ন পরিষদের বাজেটে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। কর্মশালায় পরবর্তীতে এই গৃহীত বাজেট বাস্তবায়ন কীভাবে আরও ত্বরান্বিত ও সহজ করা যায়, তা নিয়ে বিস্তর আলোচনা অনুষ্ঠিত হয়। গ্রামীণ উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে উত্তরণ ও এফআইভিডিবি।