নাটোরের লালপুরে ডিজিটাল সংযোগ স্থাপন (EDC) প্রকল্পের আওতায় উপজেলা কমপ্লেক্স ভবনের চতুর্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (আইসিটি ভবন) নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ১ কোটি ৫১ লাখ ৬১ হাজার ২৯১ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান 'ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড'। তবে নির্ধারিত মেয়াদ শেষ হলেও এবং আনুষ্ঠানিকভাবে ভবনটি বুঝে নেওয়ার আগেই এর বিভিন্ন অংশে দেখা দিয়েছে চরম বেহাল দশা।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভবনটি পুরোপুরি হস্তান্তরের আগেই দরজার হাতল, ছিটকিনি ও বারান্দার লোহার গ্রিলে মরিচা ধরেছে। বাথরুম ও বেসিনে নিম্নমানের শাওয়ার ও পানির কল (ট্যাপ) ব্যবহার করায় ফিটিংগুলো এখনই আলগা হয়ে গেছে এবং প্রলেপ উঠে গেছে। এছাড়া বারান্দা ও জানালার থাই গ্লাসের ফিনিশিং অত্যন্ত দুর্বল; গ্লাসের রাবার বিডিং ও সিলিকন সঠিকভাবে না লাগানোর ফলে সংযোগস্থলে ফাটল ও ফাঁকা অংশ দেখা গেছে। ভবনের কিছু স্থানে টাইলস ভাঙা ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে, যা কাজের মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। কাঠের দরজা ও কব্জা লাগানোর ফিনিশিংয়েও রয়েছে চরম অসাবধানতা।এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ই-স্মার্ট কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মাসুদ রানা বলেন, "আমরা কাজ শেষ করে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছি। চূড়ান্ত বিল এখনো পাইনি, তবে কাজের কোথাও কোনো ত্রুটি বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা পেলে তা পরিবর্তন করে দেওয়া হবে।"অভিযোগের বিষয়ে এলজিইডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, "সিডিউল মোতাবেকই কাজ সম্পন্ন করা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়ন নিয়েই ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে।"তবে ভিন্ন কথা বলেছেন লালপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও প্রকল্প মনিটরিং কমিটির সদস্যসচিব মো. আওলাদ হোসেন। তিনি জানান, "ভবনটি চূড়ান্তভাবে আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি, এখনো বৈদ্যুতিক সংযোগের কিছু কাজ বাকি রয়েছে। কাজ পুরোপুরি বুঝে নেওয়ার পরই ঠিকাদারকে চূড়ান্ত বিল পরিশোধ করা হবে।"প্রকল্প মনিটরিং কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, "বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"স্থানীয়দের অভিযোগ, তদারকির অভাবেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি সরকারি বরাদ্দের অপব্যবহার করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তারা অবিলম্বে এ ঘটনার স্বচ্ছ তদন্তপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।