নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা উপলক্ষে ১৫০ জন গরিব, দুঃখী ও অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি, ধুতি ও গামছা বিতরণ করা হয়েছে।
রবিবার (আজ) বিকেল ৪টায় উপজেলার মৈনম ইউনিয়নের অযোধ্যা পাড়ায় ‘ইঞ্জিনিয়ার ইউসুফ আলী ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রতিনিধিদের আয়োজনে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের হাতে এসব নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
বস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করে স্থানীয় এক দুস্থ নারী বলেন, "পূজার সময় নতুন কাপড় পাওয়ার আশা ছিল না। ফাউন্ডেশনের পক্ষ থেকে শাড়ি পেয়ে আমরা খুব খুশি।"
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইঞ্জিনিয়ার ইউসুফ আলী ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।