স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক থাকবে না। কিন্তু দল মনোনীত প্রার্থী থাকবে। তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বরিশালের আগৈলঝাড়ায় ২ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় যোগ দিয়ে তিনি নেতা-কর্মীদের প্রতি এ নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতেই দল প্রার্থী ঠিক করবে।
প্রার্থীদের মধ্যে যোগ্য ব্যক্তিকেই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে, যোগ করেন জহির উদ্দিন স্বপন।
প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার।