সিরাজগঞ্জে সদর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সদর থানার তেলকুপি ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহনাজ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের মৃত ওবিরুলের স্ত্রী।
এসআরবি-১২ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তেলকুপি এলাকার কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। ওই সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বুপ্রেনরফিন ইনজেকশন বহনের সময় শাহনাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী জানান, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জয়পুরহাট এলাকা থেকে এসব নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করতেন। পরবর্তী সময়ে গণপরিবহন ব্যবহার করে তা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও অপস অফিসার মোঃ ফাহাদুজ্জামান আকন্দ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে তাঁদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।