নরসিংদীর শিবপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ২ টা পর্যন্ত তিনি উপজেলার পুটিয়া ইউনিয়ন এর কারারচর নাগ বাড়ি, বনিক পাড়া, দত্ত বাড়ি, যোশর ইউনিয়ন এর গোপনাথ উত্তর আখড়া, যোশর বড় বাড়ি ও জয়নগর ইউনিয়ন এর জয়নগর দূর্গা মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, ইউপি সদস্য রতন মিয়া ও রোমান পাঠান প্রমুখ।
পূজা মন্ডপ পরিদর্শন কালে ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন মন্ডপে মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। এসময় তিনি বলেন, শিবপুরে এবার ৭০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কাজ করছে। প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে। কারণ ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে। আমরা আপনাদের নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষনিক নিয়োজিত আছি। আপনারা নির্বিঘ্নে উৎসব পালন করেন। কোন সমস্যা নেই। যে কোন প্রয়োজনে আমরা পাশে আছি।