প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে চার দফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধনের ডাক দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক অধিকার ফোরাম।
কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল চারটায় নগরের চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফোরামের সদস্যসচিব ইমরান উদ্দীনের পাঠানো এক বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়। এতে ইসলামী ব্যাংকের তিন কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার পাশাপাশি, চাকরিচ্যুত ১০ হাজার ব্যাংকারকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা দাবি করা হয়েছে।
বার্তায় বলা হয়, চার দফা দাবির মধ্যে চাকরিচ্যুত ব্যাংকারদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এসব ব্যাংকার কবে থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা ঘোষণারও প্রত্যাশা করছে ফোরাম।
প্রধানমন্ত্রীর প্রতি আস্থা ও বিশ্বাসের কথা উল্লেখ করে বার্তায় বলা হয়, গ্রাহকেরা আশা করছেন, প্রধানমন্ত্রী তাদের দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবেন। বিশেষ করে চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল এবং তাদের সম্মানের সঙ্গে কর্মস্থলে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে সুস্পষ্ট দিকনির্দেশনা থাকবে বলে প্রত্যাশা তাদের।
ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়, প্রধানমন্ত্রীকে বীর চট্টগ্রামে স্বাগত জানিয়ে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবিগুলো তুলে ধরতে চান। এ জন্য ইসলামী ব্যাংকের গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করতে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তার।
এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ারও কর্মসূচি রয়েছে। সভাটি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম নগর ও জেলায় নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, মানববন্ধন শান্তিপূর্ণভাবে সফল করতে সবাইকে মঙ্গলবার বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ফোরামের সদস্যসচিব ইমরান উদ্দীন।