ঠাকুরগাঁওয়ের ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের বিশিষ্ট শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল। এ সফরের মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সংলাপ, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা আরও জোরদার হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
পরিদর্শক প্রতিনিধিদলে ছিলেন ইউনিভার্সিটি অব বাথের অ্যাসোসিয়েট প্রো-ভাইস-চ্যান্সেলর ও অধ্যাপক প্রফেসর জোসেফ ডিভাইন এবং ডেপুটি হেড অব ডিপার্টমেন্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মাথিল্ড রোজ লুইস মেত্রো।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান অতিথিদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সফরকালে প্রতিনিধিদল ইইউএসটি ক্যাম্পাস ঘুরে দেখেন। পাশাপাশি ইকো ইনস্টিটিউট অব টেকনোলজির (ইআইটি) ব্যবহারিক প্রশিক্ষণ ল্যাবসহ বিভিন্ন একাডেমিক ও কারিগরি সুবিধা পরিদর্শন করেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক শিক্ষাবিদদের সফর উচ্চশিক্ষার মানোন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং বৈশ্বিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দক্ষ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে মানসম্মত শিক্ষা, ব্যবহারিক শিখন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সংযোগ সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইইউএসটি। সফর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় ইউনিভার্সিটি অব বাথের প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি।