নাটোরের লালপুরে অবৈধভাবে ভিটা জমির মাটি কেটে পরিবহনের অপরাধে ৩ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এসময় মাটি বহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কেশববাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম কেশববাড়ীয়া গ্রামের মোঃ আজিজুল ইসলামের বসতবাড়ির পেছনের ভিটা জমিতে অভিযান চালায়। সেখানে ট্রাক্টরে অবৈধভাবে মাটি খনন করে পরিবহনের সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।আটককৃতরা হলেন— কেশববাড়ীয়া গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে মোঃ রিয়াজুল ইসলাম (২১), বড়শেরপাড়া গ্রামের আব্দুল জাব্বারের ছেলে মোঃ রিফাত চৌধুরী রাজু (২২) এবং আকবরপুর গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ রুবেল হোসেন বাবু (৩০)। আটক সবাই লালপুর উপজেলার বাসিন্দা।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা (মামলা নং-১৮, তারিখ: ১২/১০/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।