সিরাজগঞ্জে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক শাহাদাত হোসেন (৩৮) নামে নিখোঁজ হওয়ার দু'দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৪অক্টোবর-২০২৬খ্রি.) বিকেলে সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকার একটি ক্ষেত থেকে ঐ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহাদত হোসেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের মোঃ শাহজাহান আলীর ছেলে। তিনি খোকশাবাড়ী গ্রামে শ্বশুরবাড়ী এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শাহাদত। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে শনিবার (৩অক্টোবর-২০২৬খ্রি.) পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। রবিবার বিকেলে ছোনগাছা কারিগরি ইনস্টিটিউটের পাশে বলিদহ নামক স্থানে একটি ক্ষেত থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে শাহাদতকে শ্বাসরোধে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। এঘটনায় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম জানান, নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।