সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’র যাত্রা শুরু হয়েছে রোববার (৬ সেপ্টেম্বর)। এবারের আসরে বিগ বসের ঘরে রয়েছেন ১৬ প্রতিযোগী। প্রতিযোগীদের তালিকা দেখে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক প্রতিযোগী। তার নাম আরিশফা খান।ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটকের মাধ্যমে বিশাল ফ্যান বেজ তৈরি করা আরিশফা ‘বিগ বস ২০’-এ অন্যতম বড় ডিজিটাল তারকা। শুরুতে বিগ বসে অংশগ্রহণ করতে না চাইলেও পরে সিদ্ধান্ত বদল করেন তিনি।বর্তমানে আরিশফা খানের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ২ কোটি ৯১ লাখ। বিপরীতে কারিনা কাপুরের ফলোয়ার প্রায় ১ কোটি ৩৯ লাখ এবং জাহ্নবী কাপুরের প্রায় ২ কোটি ৬৭ লাখ। দক্ষিণ ভারতীয় সিনেমার তারকাদের মধ্যে ‘পুষ্পা’ আল্লু অর্জুনের ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় ২ কোটি ৭৯ লাখ এবং ‘বাহুবলি’ প্রভাসের প্রায় ১ কোটি ৩৯ লাখ। ফলে ফলোয়ারের সংখ্যার বিচারে আরিশফা তাদেরও ছাড়িয়ে গেছেন।
আরিশফার সামাজিক যোগাযোগমাধ্যমের মূলত ‘গ্রেট রেডি উইথ মি’ (GRWM) ভিডিও, ভ্রমণভিত্তিক ভ্লগ, ট্রেন্ডিং ভিডিও ও লাইফস্টাইল কনটেন্ট প্রকাশ করেন। উল্লেখ করা মতো বিষয় হলো, আরিশফা এখনো বড় কোনো থিয়েট্রিক্যাল সিনেমায় অভিনয় করেননি। টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমেই তিনি এত বড় অনলাইন দর্শকগোষ্ঠী তৈরি করেছেন।
এবারের ‘বিগ বস’র থিম হলো ‘বরদান’। এ বিষয়ে ‘বিগ বস’ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেক প্রতিযোগির হাতে থাকবে দুটি জীবন, এলিমিনেশনের ক্ষেত্রে নিজেদের বাঁচানোর জন্য অতিরিক্ত একটি সুযোগ পাবেন তারা।
এবারের বিগ বসের বাড়িও সাজানো হয়েছে ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ ভাবনায়। প্রতিযোগীদের মধ্যে এরই মধ্যে সম্পর্কের টানাপোড়েন ও দ্বন্দ্বের আভাস পাওয়ার তথ্যও এখন প্রকাশ্যে।
সূত্র: হিন্দুস্তান টাইমস