লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে পারিবারিক বিরোধের জেরে ৮৮ বছর বয়সী কায়েম উদ্দিন নামে এক বৃদ্ধ বাবাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ নিজেই বাদী হয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে শনিবার (১৫ আগস্ট) সকালে পারিবারিক বিষয় নিয়ে কায়েম উদ্দিনের সঙ্গে তার ছেলে ইদ্রিস আলীর কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ছেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী বৃদ্ধকে গালিগালাজ শুরু করেন। অভিযোগে উল্লেখ করা হয়, একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং লোহার শাবল দিয়ে আঘাত করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।তবে মারধরের বিষয়টি অস্বীকার করে ছেলে ইদ্রিস আলী বলেন, “মনে হয় কেউ বাবাকে মারে? পারিবারিক বিবাদ হচ্ছিল, সেই সময়ই হয়তো কোথাও ধাক্কা লাগতে পারে।”এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#মোঃআইয়ুব আলী# লালপুর#নাটোর।