প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬
লালপুরের আব্দুলপুর রেল স্টেশন থেকে উদ্ধার হওয়া সেই শিশু ৩ দিন পর ফিরল পরিবারের কাছে"
মোঃআইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি ||
ভুলবশত ফরিদপুর থেকে ট্রেনে চড়ে নাটোরের লালপুরে চলে আসা অল্প বুদ্ধি সম্পন্ন শিশু রুমা খাতুন (১৪) অবশেষে তার পরিবারকে ফিরে পেয়েছে। লালপুর থানা পুলিশের টানা তিন দিন ও তিন রাতের অক্লান্ত পরিশ্রম এবং স্থানীয় সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আজ শুক্রবার ৩ জুলাই তাকে তার ভাইয়ের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সাকিবুল হাসান নামের এক ব্যক্তি আব্দুলপুর রেলস্টেশনে ১৪/১৫ বছরের একটি মেয়েকে একা ঘোরাফেরা করতে দেখে লালপুর থানার ডিউটি অফিসারের সরকারি নম্বরে কল করে জানান। বিষয়টি জানার পরপরই থানার রাত্রিকালীন জরুরি ডিউটিতে নিয়োজিত অফিসার এএসআই শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। পরে তাকে থানার ‘নারী ও শিশু হেল্প ডেস্কে’ নিরাপদ হেফাজতে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে লালপুর উপজেলা সমাজসেবা অফিসারকে বিষয়টি জানানো হয়।উদ্ধার হওয়া শিশুটি অল্প বুদ্ধি সম্পন্ন হওয়ায় প্রথমদিকে তার পরিচয় নিশ্চিত করতে বেশ বেগ পেতে হয়। তবে পুলিশের সারারাতের ধৈর্য ও আন্তরিক প্রচেষ্টায় একপর্যায়ে সে তার নাম-ঠিকানা বলতে সক্ষম হয়। শিশুটি জানায়, তার নাম রুমা খাতুন, পিতা- ইসারত মোল্লা, গ্রাম- গুনবাহা, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর। সে ভুল করে ট্রেনে উঠে আব্দুলপুর রেল স্টেশনে নেমে পড়েছিল।পরবর্তীতে লালপুর থানা পুলিশ ফরিদপুরের বোয়ালমারী থানার সাথে যোগাযোগ করে রুমার ভাই মোহাম্মদ সাখাওয়াত হোসেনের মোবাইল নম্বর সংগ্রহ করে। তার সাথে কথা বলে রুমার নাম ও ঠিকানা পুরোপুরি নিশ্চিত করা হয় এবং তাকে দ্রুত লালপুর থানায় আসার অনুরোধ জানানো হয়।অবশেষে আজ ৩ জুলাই রুমার ভাই সাখাওয়াত হোসেন লালপুর থানায় উপস্থিত হলে, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ ফজলুর রহমানের উপস্থিতিতে শিশু রুমা খাতুনকে তার ভাইয়ের জিম্মায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে রুমার পরিবার লালপুর থানা পুলিশ ও সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পুলিশের এমন মানবিক ও তৎপর ভূমিকার প্রশংসা করছেন স্থানীয় সচেতন মহলও।#মোঃআইয়ুব আলী#লালপুর#নাটোর# মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা